পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে শনাক্ত দ্বিগুণ

কলকাতা, ৩১ ডিসেম্বর – ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় একদিনে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ হয়েছে। শুক্রবার সেখানে ১ হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়। আগের দিন বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৫৪০ জন।
এতে একদিনে কলকাতায় করোনা সংক্রমণ বেড়েছে ১০১ শতাংশ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
কার্যত পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে বেড়েছে করোনা সংক্রমণ। শুক্রবার পশ্চিমবঙ্গে ২ হাজার ১২৮ জনের করোনা শনাক্ত হয়। এদিন করোনায় প্রাণ গেছে ১২ জনের।
পশ্চিমবঙ্গে করোনা পজেটিভের হার ৫ দশমিক ৪ শতাংশ। এর আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলকাতার করোনা সংক্রমণের হার (১২ দশমিক ৫ শতাংশ) ভারতের মধ্যে অন্যতম শীর্ষে রয়েছে।
তিনি পশ্চিমবঙ্গকে করোনা সংক্রমণের উদ্বেগের তালিকায় রাখা ভারতের রাজ্যগুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/৩১ ডিসেম্বর ২০২১









