ইউরোপ

তুরস্কে ভূমিকম্প: ক্ষয়-ক্ষতিতে এরদোয়ানের গভীর শোক

আঙ্কারা, ৩১ অক্টোবর- তুরস্কে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত চার শতাধিক। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তুর্কি কর্তৃপক্ষ। এদিকে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

ধ্বংসস্তুপের ভেতর জীবনের সন্ধান। কঠোর প্রচেষ্টায় এভাবেই আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করেন তুরস্কের উদ্ধারকর্মীরা। দেশটিতে শুক্রবারের সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাতেও অভিযান অব্যাহত রাখে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর কংক্রিটের ভেতর থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও এরইমধ্যে প্রাণ গেছে বেশ কয়েকজনের। ভূতুরে নগরে পরিণত হয়েছে ইজমির শহর। মুহূর্তের আকস্মিকতায় সব হারিয়ে নি:স্ব সাধারণ মানুষ।

ভয়াবহ ভূমিকম্পে হতাহত প্রতি শোক জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, যারা এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সহর্মিতা জানাচ্ছি। আমি আশা করি, আহতরা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন:  এবার ফরাসী পণ্য বর্জনের ডাক দিলেন এরদোগান

স্থানীয় সময় শুক্রবার বিকেলে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্কের ইজমির। মুহূর্তেই ভেঙ্গে পড়ে বেশ কয়েকটি বহুতল ভবন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউ.এস.জি.এস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৭ কিলোমিটার। ইজমিরের পাশাপাশি ইস্তাম্বুল এবং গ্রিসের এথেন্সেও এ ভূকম্পন অনুভূত হয়।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ৩১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language