আইন-আদালত

৫ ব্যাংকারের বিদেশে পালাতে নিষেধাজ্ঞায় হাইকোর্টের নির্দেশ

ঢাকা, ৩০ নভেম্বর – সাউথ-বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের প্রায় ২১ কোটি টাকা আত্মসাৎ করা মামলায় আসামি সাউথ-বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের সাবেক পাঁচ কর্মকর্তা যাতে বিদেশে পালাতে না পারেন, সে জন্য আইন অনুসারে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই পাঁচ আসামি হলেন- এসবিএসি ব্যাংকের খুলনা শাখার সাবেক এমটিও তপু কুমার সাহা, রাজউক অ্যাভিনিউ শাখার সিনিয়র অফিসার বিদ্যুৎ কুমার মণ্ডল, রাজউক শাখার অপারেশন ম্যানেজার মঞ্জুরুল আলম, খুলনা শাখার ক্রেডিট ইনচার্জ মো. নজরুল ইসলাম ও শাখাটির সিনিয়র অফিসার মারিয়া খাতুন।

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে গত ২১ অক্টোবর এসবিএসি ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ ব্যাংকের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করে দুদক। মামলায় তাঁদের বিরুদ্ধে ২০ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে পাঁচ আসামি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। তবে তারা আদালতে হাজির হননি। এমন প্রেক্ষাপটে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হুমায়ুন কবির। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক শুনানিতে ছিলেন।

আমিন উদ্দিন মানিক জানান, দুদকের মামলায় ওই পাঁচ আসামি আগাম জামিনের আবেদন করেন। আবেদন শুনানির জন্য বেশ কয়েকবার কার্যতালিকায় এলেও তারা হাজির হননি। সোমবার তাদের পক্ষে একজন আইনজীবী জামিন আবেদন উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজের আরজি জানান। আদালত জামিন আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন। ওই পাঁচ আসামি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য আইন অনুসারে ব্যবস্থা নিতে ইমিগ্রেশন পুলিশ, দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language