সংগীত

গানেও সফল শানু

ঢাকা, ২৭ নভেম্বর – মডেল ও অভিনেত্রী হিসেবে মিডিয়ায় পথচলা শুরু হয়েছিল শানুর। দুই মাধ্যমেই সফলভাবে পদচারণা রয়েছে তার। একযুগের অভিনয় ক্যারিয়ার অতিক্রম করার পর লেখক হিসেবেও কাজ শুরু করেন শানু। প্রতি বছরের একুশের গ্রন্থমেলায় তার রচিত কবিতা ও উপন্যাস প্রকাশ হচ্ছে নিয়মিত।

লেখালেখির ধারাবাহিকতায় কিছু দিন আগে ‘শুন্য হৃদয়’ শিরোনামের একটি গান লিখেছিলেন এই মডেল ও অভিনেত্রী।

গানটিতে সুর করার পাশাপাশি এতে কণ্ঠ দেন হৃদয় খান। গত ৫ নভেম্বর এটি হৃদয় খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এরপর থেকেই শ্রোতাদের মনযোগ কাড়তে সক্ষম হয় গানটি। এরই মধ্যে এটি ইউটিউবে প্রায় তিন লাখ শ্রোতা শুনেছেন। যার কারণে শানুও প্রশংসিত হয়েছেন গীতিকার হিসেবে।

এ প্রসঙ্গে শানু বলেন, অনেকটা শখের বসেই হঠাৎ গানটি লিখেছিলাম। তারপর হৃদয় খান এটিতে সুর বসিয়ে কণ্ঠ দেন। গানটি প্রকাশ হওয়ার পর থেকেই চারিদিক থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। অনেকেই নিয়মিত গান লেখার জন্য পরামর্শ ও উৎসাহ দিচ্ছেন। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি আমি। আমি যেহেতু পেশাদার গীতিকার নই, তাই আবারো গান লেখার বিষয়ে কোনো তাড়না নেই।

অন্যদিকে এই অভিনেত্রীর ‘ঘুন মানুষ’ নামের একটি উপন্যাস আগামী একুশের গ্রন্থমেলায় প্রকাশ হবে। এটির শেষ মুহুর্তের কিছু কাজ নিয়ে তাই ব্যস্ত আছেন তিনি। পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।

এন এইচ, ২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language