বলিউড

পত্রলেখার বিয়ের ওড়নায় লেখা ‘পরান ভরা ভালোবাসা’

মুম্বাই, ১৬ নভেম্বর – ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’ লাল বেনারসিতে বাংলা ভাষায় পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের ওড়না ভরে প্রেমের পংক্তি।

সোমবার ভারতের চণ্ডীগড়ের সাত পাঁকে বাঁধা পড়লেন জনপ্রিয় বলিউড অভিনেতা রাজকুমার ও পত্রলেখা।

কিছু দিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’। পত্রলেখার ১১ বছরের ‘প্রেমিক’ এবার ‘স্বামী’ হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্রও লিখে ফেলেছেন নতুন বর।

বিয়ে সেরেই রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’

সাদা শেরওয়ানি, লাল পাগড়িতে বর। লাল বেনারসিতে কনে। নতুন তারকা-দম্পতির ছবিতে ছয়লাপ ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার।

কিন্তু প্রশ্ন জাগে, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তার পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন তার স্বামীকে?

এন এইচ, ১৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language