জৈব সুরক্ষা বলয়ের পরিবর্তে এমইই প্রটোকল

ঢাকা, ১৩ নভেম্বর – কঠোর জৈব সুরক্ষা বলয় থেকে ফুরসত পাচ্ছেন ক্রিকেটাররা। ২০২০ সালের মার্চ থেকে ক্রিকেটার, কোচিং এবং সাপোর্টিং স্টাফদের জীবন জৈব সুরক্ষা বলয়ে আটকে ছিল। এ সময়ে নির্দিষ্ট জায়গার বাইরে তাদের চলাফেরার কোনো সুযোগই ছিল না। দিনের পর দিন রুম কোয়ারেন্টাইনও করা লাগত। সেসব বিধিনিষেধ থেকে বেরিয়ে আসছে আইসিসি।
জৈব সুরক্ষা বলয়ের পরিবর্তে আইসিসি ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকল হাতে নিয়েছে। এই প্রেটোকলের মাধ্যমে ক্রিকেটাররা আগের থেকে একটু স্বস্তি পাবেন। কোভিড নেগেটিভ হলে তাদের চলাফেরার পরিধি বাড়বে। বিসিবির মেডিক্যাল বিভাগের চিকিৎসক মনজুর হোসেন বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় ক্রিকেটারদের ওপর অনেক চাপ তৈরি করত। এটা বেশ লম্বা একটি প্রক্রিয়া। এজন্য আইসিসি এমইই প্রটোকল হাতে নিয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তান সিরিজে এটা ব্যবহৃত হবে।’
‘এর ফলে ক্রিকেটার ও কোচিং স্টাফদের আগের মতো বিধিনিষেধে থাকতে হবে না। তারা ফ্রি হয়ে ঘোরাফেরা করতে পারবে। টিম হোটেল, সুইমিংপুল, জিমনেশিয়াম, ইনডোর, বিসিবি একাডেমি ও মাঠে নিজেদের মতো করে চলাফেরা করতে পারবে।’ – যোগ করেন তিনি।
জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকার সময় খেলোয়াড়দের সংস্পর্শে আসতে পারেন শুধু মাত্র সাপোর্ট স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালরা। এর ফলে বাইরের কোনো ব্যক্তির সঙ্গে খেলোয়াড়রা সংস্পর্শে থাকতে পারতেন না। শুধু তাই নয়, এই বলয়ের মধ্যে থাকার সময় নিয়মিত তাদের টেস্টও করানো হয়। জৈব সুরক্ষা বলয়ে থাকার সময় শুধু খেলোয়াড় আর সাপোর্ট স্টাফ নয়, মাঠকর্মী থেকে শুরু করে হোটেলকর্মী সবাইকেই মেনে চলতে হয় নিয়ম। খেলোয়াড়রা খাওয়ার সময়েও কারো সঙ্গে দেখা করেন না। যে যার নিজেদের ঘরে বসেই খান। কোনো ঘরে নয়, টিম মিটিং করতে হয় খোলা জায়গায়। যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়। পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় না খেলোয়াড়দের।
এবার কোভিড টেস্টেও আসছে শিথিলতা। ছয় দিন পরপর দুই দলের প্রত্যেককে কোভিড টেস্ট করাতে হবে। এছাড়া সাপোর্টিং স্টাফ যারাই আসবেন, তাদের প্রত্যেকের দুটি ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছে। সেই সার্টিফিকেট দেখালেই মাঠে প্রবেশের অনুমতি পাবেন তারা।
পাকিস্তান ক্রিকেট দল আজ সকালে বাংলাদেশে পৌঁছেছে। কোভিড টেস্টের ফল পাওয়ার আগ পর্যন্ত তারা রুম কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর অনুশীলন ও চলাফেরা করায় কোনো বাধা নেই।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৩ নভেম্বর









