আফগান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফ

কাবুল, ১১ নভেম্বর – ৩৩ বছর বয়সী পেসার বোলিং অলরাউন্ডার মিরওয়াইস আশরাফকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্ষমতায় থাকা তালেবান। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও খেলা ছাড়েননি আশরাফ।গত মৌসুমেও খেলেছেন ঘরোয়া ক্রিকেটে।
টুইটারে এক বিবৃতি প্রকাশ করে আশরাফের নিয়োগের কথা জানিয়েছে এসিবি। আজিজুল্লাহ ফজলিকে বরখাস্ত করার দুই মাসের মাথায় আশরাফকে তার জায়গায় নিয়ে আসলো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবানরা। তবে আশরাফকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার এ নিয়োগকে স্বাগত জানিয়েছেন রশিদ খানসহ আফগান জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার।
আফগানিস্তানের সংবাদমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই দুবাইয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছিল তালেবানের প্রতিনিধি দল। এরপরই আফগানিস্তানের প্রধানমন্ত্রী ও এসিবির চিফ প্যাট্রন মোহাম্মদ হাসান আখন্দ সিদ্ধান্ত নেন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হবে আশরাফকে।
২০১৬ সালের পর থেকে জাতীয় দলের বাইরে তিনি। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরেও আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বান্দ-ই-আমির ড্রাগনসের হয়ে খেলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ২৫ টি-টোয়েন্টি ও ৪৬ ওয়ানডে খেলেছেন আশরাফ। ৫০ ওভারের ম্যাচে তার উইকেট সংখ্যা ৪৬টি এবং এক ফিফটিতে রান করেন ৩৮৭। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ উইকেট নিলেও ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৭৯ করে।
সূত্রঃ আরটিভি
আর আই









