চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেছে ফাইজারের আরও সাড়ে ৫৮ হাজার ডোজ টিকা

চট্টগ্রাম, ০৪ নভেম্বর – চট্টগ্রামে পৌঁছেছে ফাইজারের সাড়ে ৫৮ হাজার ডোজ টিকা। বুধবার রাত ৯টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে ফ্রিজার ভ্যানে আনা হয় এসব টিকা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি বলেন, রাতে আসা ফাইজারের টিকা গ্রহণ করা হয়েছে। ইপিআই কোল্ড স্টোরে বিশেষভাবে টিকাগুলো সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে নির্দিষ্ট কেন্দ্রে এসব টিকা সরবরাহ করা হবে।

নগরে শুধুমাত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এছাড়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হলে তাদেরকেও এই টিকা দেয়ার কথা রয়েছে।

তবে এ সপ্তাহে না হলেও টিকা চলে আসায় আগামী সপ্তাতেই শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহারিয়ার কবীর।

এর আগেও দুই ধাপে আমেরিকার তৈরি ফাইজারের ৩৫ হাজার ১০০ ডোজ টিকা পায় চট্টগ্রাম। যা নগরীর তিন কেন্দ্রে সাধারণ মানুষকে প্রয়োগ করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ফাইজারের টিকাদান কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language