ক্রিকেট

পিঠের ইনজুরিতে মাহমুদউল্লাহ

মাস্কাট, ০৯ অক্টোবর – বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পিঠের ইনজুরিতে (ফোলা) ভুগছেন। সেজন্য ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলতে পারেননি তিনি।

এখন পর্যন্ত এই ইনজুরি থেকে সেরে ওঠেননি বিশ্বকাপে বাংলাদেশের দলনেতা। তাই, মাহমুদউল্লাহকে রাখা হয়েছে বিশ্রামে।

ওমান থেকে টিম ম্যানেজম্যান্টের একটি সূত্র শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাইজিংবিডিকে নিশ্চিত করেছে, মাহমুদউল্লাহ এখনো পিঠের ইনজুরিতে ভুগছেন। তিনি এখন বিশ্রামে আছেন।

প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহর পরিবর্তে বাংলাদেশ একাদশকে নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। স্বাগতিকদের উড়িয়ে ব্যাটে-বলে দারুণ প্রস্তুতি সারে লাল সবুজের প্রতিনিধিরা। ৬০ রানের বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।

এদিকে, প্রস্তুতি ম্যাচের পর আজ পুরো দল বিশ্রামে কাটিয়েছে। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা থাকলেও তা এক,দিন পিছিয়েছে।

রোববার (১০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ওমানের উদ্দেশ্যে রওনা হবেন ক্রিকেটাররা। একই ফ্লাইটে ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত যাবে শ্রীলঙ্কা ও ওমান ক্রিকেট দল। তিন দলকে নিয়ে একটি চার্টার্ড ফ্লাইট ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবে।

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে সবাইকে রুম কোয়ারেন্টাইন করতে হবে। এরপর ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে হলে প্রথম পর্ব উৎরাতে হবে বাংলাদেশকে। স্কটল্যান্ড ম্যাচের পর ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউ গিনি।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language