
ঝালকাঠি, ২৬ অক্টোবর- ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মনির হোসেন জমাদ্দার (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের বিশখালি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মনিরের মা শাহনাজ বেগম (৪০) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে জসিম উদ্দিন গাজীকে (২৪) পুলিশ জিজ্ঞাসাবাদ করে। নিহত মনিরের মায়ের দাবি তার ছেলে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী জানান, মনিরের মা শাহনাজ বেগমের সাথে একই এলাকার এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছে। মায়ের পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে হত্যা করা হতে পারে বলেও ধারণা করছে এলাকাবাসী।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৯’শ ইয়াবা জব্দ, সাত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৮
মৃত্যুর খবর পেয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. সাখাওয়াত হোসেন ও থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৬ অক্টোবর








