নাটক

এবার ওয়েব সিরিজে সিনথিয়া

ঢাকা, ১৪ সেপ্টেম্বর – ‘সেরা নাচিয়ে’ নামের একটি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসেন সিনথিয়া ইয়াসমিন নুপুর। সেই প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হন। এরপর থেকেই নাচ ও অভিনয়ে সমানতালে কাজ করতে থাকেন এই তরুণ মডেল ও অভিনেত্রী।

নাটকে নিয়মিত অভিনয় করলেও এবার তাকে ওয়েব সিরিজেও দেখা যাবে। একসঙ্গে দুটি ওয়েব সিরিজে অভিনয় করছেন সিনথিয়া। এগুলো হলো শাহীন সুমনের ‘মাফিয়া’ এবং তানিম পারভেজের ‘অরা’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিনথিয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, নাচে আমার আদর্শ সাদিয়া ইসলাম মৌ আপা। তিনিই আমার সব কাজের অনুপ্রেরণা। আমি তার মতোই আমার জীবনটা গড়ে তুলতে চাই। তবে আমি ড্যান্স কোরিওগ্রাফিতে বিশেষভাবে মনোযোগ দিতে চাই। একজন শিল্পী হিসেবেই নিজেকে আজীবন নিবেদিত রাখতে চাই। এরইমধ্যে দুটি ওয়েব সিরিজে কাজ করেছি আমি। সিরিজগুলো নিয়ে ভীষণ আশাবাদী।

সিনথিয়া অভিনীত প্রথম নাটক ছিল সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রূপার পাখি’। সম্প্রতি একই পরিচালকের নির্দেশনায় শেষ হলো দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘দ্য ডিরেক্টর’। এছাড়াও তিনি মান্নান হীরা, নাজনীন চুমকি, গোলাম সোহরাব দোদুল, আরিফ রহমানসহ বেশ কয়েকজন পরিচালকের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন। সিনেমাতেও কাজ করার প্রবল আগ্রহ রয়েছে সিনথিয়ার।

এম এস, ১৪ সেপ্টেম্বর

Back to top button
🌐 Read in Your Language