বলিউড

নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ংকর বাইক দুর্ঘটনায় দক্ষিণি তারকা

হায়দ্রাবাদ, ১১ সেপ্টেম্বর – বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা সাই ধরম তেজ। শুক্রবার হায়দরাবাদের কেবল ব্রিজ এলাকায় কাদার কারণে বাইকের নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা।

স্থানীয় পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত গতিতে স্পোর্টস বাইক চালাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হায়দরাবাদের দুর্গমচেরুভু কেব্‌ল ব্রিজের ওপর দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। দুর্ঘটনায় তার হেলমেট উড়ে যায়। ডান চোখ, বুক ও পেটে আঘাত পান তিনি। এ সময় তার স্পোর্টস বাইকের মাত্রাতিরিক্ত গতি ছিল, তার ওপর রাস্তায় কাদা থাকায় বাইকের চাকা পিছলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এই অভিনেতা।

এরপর দ্রুত তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এইমুহূর্তে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে দক্ষিণী তারকাকে। সাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ, পবন কল্যাণসহ দক্ষিণী তারকারা।

এইমুহূর্তে চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন সাই। চোট গভীর হলেও গুরুতর নয়। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে , অভিনেতার ব্রেন, স্পাইন অথবা অন্য কোনও গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি। কলার বোনে ফ্র্যাকচার হয়েছে এবং বেশ কিছু সফ্ট টিস্যু ইনজুরি হয়েছে। তবে, এইমুহূর্তে কোনোরকমের অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার। সাইয়ের টিমের পক্ষ থেকেও জানানো হয়েছে, ‘আপাতত সুস্থ আছেন তারকা। উনি দ্রুত সেরে উঠছেন। চিন্তার কোনও কারণ নেই’।

এই তারকার একাধিক দামি গাড়ি থাকলেও তিনি বাইক চালাতে ভালোবাসেন। প্রায়ই বাইক নিয়ে বেরিয়ে পড়েন হায়দরাবাদের রাস্তায়। আগামী ১ অক্টোবর সাই ধরম তেজ অভিনীত ‘রিপাবলিক’ ছবি মুক্তি পাবে।

এন এইচ, ১১ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language