সংগীত

ঘর বাঁধলেন দুই সংগীতশিল্পী

ঢাকা, ১১ সেপ্টেম্বর – তরুণ প্রজন্মের দুই সংগীতশিল্পী মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম স্মরণ বিয়ে করেছেন। গতকাল শুক্রবার আফতাব নগরের একটি কনভেনশন সেন্টারে দুই পরিবারের উপস্থিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এর আগে ৯ সেপ্টেম্বর আয়োজন করা হয় তাদের গায়ে হলুদ অনুষ্ঠানের। মোমিন-স্মরণের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন স্মরণের মা সোমা শারমীন আরা।

তিনি বলেন, ‘গানের সূত্র ধরেই স্মরণ ও মোমিনের পরিচয়। এরপর তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। মাস ছয়েক আগে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার মোমিনের পক্ষ থেকে আমাদের প্রস্তাব দেন। এরপর আমরা বিষয়টি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। তাদের নতুন জীবনে আমরা সবাই খুশি। আশা করি, স্মরণ ও মোমিনের দাম্পত্য জীবন সুখের হবে। আমি তাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া করি।’

এদিকে, এই দুই সংগীতশিল্পীর বিয়েতে হাজির ছিলেন সংগীতাঙ্গনের অনেকে। তাদেরকে শুভেচ্ছা জানাতে আসেন সাবিনা ইয়াসমীন, গাজী মাজহারুল আনোয়ার, সামিনা চৌধুরীসহ অনেকে।

উল্লেখ্য, মোমিন বিশ্বাস দীর্ঘদিন ধরেই গানের সঙ্গে জড়িত। গায়ক ও সুরকার হিসেবেও বেশ প্রশংসিত। অন্যদিকে, ২০০৯ সালের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতে পা রাখেন স্মরণ।

এন এইচ, ১১ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language