ক্রিকেট

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ডেল স্টেইন

কেপ টাউন, ৩১ আগস্ট – সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। মঙ্গলবার এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। পরের বছরই অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটে। এরপর থেকে জাতীয় দলে নিয়মিত ছিলেন। সর্বশেষ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

স্টেইন জাতীয় দলের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ওয়ানডে খেলেছেন ১২৫টি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪৭টি। তিন ফরমেটের মধ্যে টেস্টে উইকেট শিকার করেছেন ৪৩৯টি, ওয়ানডেতে ১৯৬টি এবং টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৬৪টি।

চোট সমস্যায় গত পাঁচ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। অনেকটা বাধ্য হয়েই তাই বিদায় বলে দিলেন। বিদায়ের ক্ষণেও চোটের ব্যাপারটাকে তুলে আনলেন। টুইটে লিখেছেন, ‘আগের সময়টা ফিরে পেতে অনেকবারই নিজের সঙ্গে কথা বলেছি, মনকে বুঝিয়েছি এ বছর না হলে পরের বছর সব ঠিক হবে। নিজেকে বলার চেষ্টা করেছি ধৈর্য ধরো, সময় কেটে যাবে।’

আন্তর্জাতিক ক্রিকেট, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ গত এক দশকের বেশি সময় দারুণ সময় কাটিয়েছেন স্টেইন। বিদায়বেলায় বলেছেন, ‘অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়, পরাজয়, আনন্দ ও ভ্রাতৃত্বের ২০টি বছর কাটিয়ে দিয়েছি। বলার মতো অনেক স্মৃতিই আছে। কৃতজ্ঞতা জানানোর মতোও মানুষ আছে।’

বিদায়ী বার্তায় ধন্যবাদ জানিয়েছেন পরিবার-সতীর্থদের। লিখেছেন, ‘যে খেলাটা সবচেয়ে বেশি ভালোবাসি সেটা থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। ব্যাপারটা তিক্ত মধুর কিন্তু আমি কৃতজ্ঞ। পরিবার থেকে সতীর্থ, সাংবাদিক থেকে ভক্ত সবাইকে ধন্যবাদ। দুর্দান্ত এই যাত্রায় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

সূত্র : সমকাল
এন এইচ, ৩১ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language