মধ্যপ্রাচ্য

ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৩০

সানা, ৩০ আগস্ট – ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এই হামলায় অন্তত ৩০ সেনা সদস্য নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

রবিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লাহিজে সরকার নিয়ন্ত্রিত আল-আনাদ সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র মোহাম্মদ আল নাকিব।

ওই কর্মকর্তা জানান, ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আঘাত হানে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। ওই সময় সেখানে সেখানে বহু সেনা সদস্য সকালের ব্যায়াম করছিলেন। আল নাকিব জানান, উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মেডিক্যাল কর্মীরা বিস্ফোরণের পর ঘটনাস্থলের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। আরেকটি হামলার আশঙ্কায় সেনা সদস্যরা আহত সহকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করে।

আশেপাশের বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলা চালানোর কথা এখনও স্বীকার করেনি হুথি বিদ্রোহীরা।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিলে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে ইয়েমেনে অভিযান শুরু করে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ৩০ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language