অপরাধ

ফার্মেসিতে মডার্নার ভ্যাকসিন, প্রতিডোজ ৫০০ টাকা!

ঢাকা, ১৯ আগস্ট – রাজধানীর একটি ফার্মেসি থেকে করোনাভাইরাসের টিকা জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে রাজধানীর দক্ষিণখানের চালাবন এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়।

এসময় তার ফার্মেসি থেকে মডার্না টিকার দুটি অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনা টিকা দেয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া ফার্মেসিটি থেকে আরও অনেককে টিকা দেয়া হয়েছে বলে তথ্য মিলেছে।

ফার্মেসি মালিক বিজয় ৫০০ টাকার বিনিময়ে এক ডোজ টিকা দিচ্ছিলেন বলেও জানা গেছে।

দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ফার্মেসি মালিক কীভাবে মডার্নার এসব টিকা পেলেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language