মধ্যপ্রাচ্য

হুতি বিদ্রোহীদের ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি সামরিক জোট

রিয়াদ, ২৫ জুলাই – সৌদি আরবে হামলা চালানো হুতি বিদ্রোহীদের ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি সমর্থিত সামরিক জোট।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি গ্যাজেট রোববার এক প্রতিবেদনে হুতিদের ড্রোন ভূপাতিত করার এ খবর প্রকাশ করেছে।

জাতিসংঘের মাধ্যমে সৌদি আরব গত মার্চে হুতিদের যুদ্ধবিরতীর আহ্বান জানায়। কিন্তু হুতিরা আগে ইয়েমেনের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নৌবন্দর ও বিমানবন্দর থেকে অবরোধ তুলে নেয়ার দাবি জানায়।

এক সপ্তাহ আগে এক হুতি জেনারেল স্থানীয় গণমাধ্যমকে জানান, গত কয়েক মাসে ১৬০ বার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি সামরিক জোট।

এসব হামলায় ইয়েমেনের সাড়ে তিনশ’ সেনা সদস্য নিহত এবং ৫৬০ জন গুরুতর আহত হয়েছে। এছাড়া এসব হামলায় ২৯টি সেনাযানও ধ্বংস হয়েছে।

আমেরিকা ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে।

ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে ও দেশটির হুতি বিদ্রোহীদের আন্দোলনকে ধ্বংস করতে ওই আগ্রাসন চালানো হয়।

ইয়েমেনের সেনাবাহিনী এবং হুতি যোদ্ধারা সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ক্রমান্বয়ে শক্তি অর্জন করেছে এবং আগ্রাসী বাহিনীকে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় ফেলে দিয়েছে।

সৌদি আগ্রাসনে ইয়েমেনের হাজার হাজার মানুষ নিহত হওয়া ছাড়াও দেশটির অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর
এস সি/ ২৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language