শাকিব খানের প্রিয় দল আর্জেন্টিনা,এই খেলা কোনোভাবেই মিস করবেন না তিনি
ঢাকা, ১০ জুলাই- কোপা আমেরিকার ফাইনালে রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা। মাঠের এই লড়াইকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চাউর হচ্ছে। তারকারাও পিছিয়ে নেই। পছন্দের দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় অনেককে পোস্ট দিতে দেখা গেছে।
কোপা আমেরিকার মাঠের লড়াই বেশ উপভোগ করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। করোনার কারণে কঠোর লকডাউন চলায় ঘরবন্দি সময় কাটছে তার। যে কারণে আয়েশ করেই প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখছেন তিনি।
শাকিব বলেন, ‘বাইরে বের হচ্ছি না। বাসায় আছি। এ সময় আমার প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। এই খেলা কোনোভাবেই মিস করবো না।’
ছোটবেলা থেকেই শাকিবের প্রিয় খেলা ছিলো ফুটবল। তিনি নিজেও ফুটবল খেলেছেন উল্লেখ করে বলেন, ‘একসময় নিয়ম করে প্রতিদিন ফুটবল খেলতাম। এখান আর সেই সুযোগ হয় না। মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তার মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।’
এস সি/ ১০ জুলাই









