সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় ঐক্যে শত্রুপক্ষ বড় ধাক্কা খেয়েছে: খামেনি

তেহরান, ২৪ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ইরানের শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে ওঠার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সায়িদ মোজতবা খামেনি। তিনি এই জাতীয় সংহতিকে শত্রুপক্ষের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বর্ণনা করেছেন। তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, দেশবাসীর মধ্যে গড়ে ওঠা এই অনন্য ঐক্যের ফলে শত্রুপক্ষের মধ্যে ভাঙন দেখা দিয়েছে।
তিনি উল্লেখ করেন, এই নজিরবিহীন সংহতি ইসলামি প্রজাতন্ত্রকে দুর্বল করার চেষ্টাকারীদের সকল হিসাব-নিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। এই ঐশ্বরিক নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
শত্রুপক্ষের চলমান মনস্তাত্ত্বিক যুদ্ধ ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, বিদেশি গণমাধ্যমগুলো মানুষের মানসিকতাকে লক্ষ্য করে জাতীয় ঐক্য ও নিরাপত্তাকে নষ্ট করতে চায়। এ ক্ষেত্রে নাগরিকদের সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন যে আমাদের অবহেলা যেন শত্রুদের অশুভ উদ্দেশ্যকে সফল হতে না দেয়।
এদিকে ইরানের তিন প্রধান বিভাগ নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের প্রধানগণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া যৌথ প্রতিক্রিয়া জানিয়েছেন।ট্রাম্প ইরানে উগ্রপন্থি ও মধ্যপন্থিদের মধ্যে বিভাজনের যে দাবি করেছিলেন, তাকে অযৌক্তিক উসকানি হিসেবে আখ্যা দিয়েছেন তারা।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই এক বার্তায় জাতীয় সংহতি ও প্রতিরোধের একটি অভিন্ন সুর তুলে ধরেন।
অন্যদিকে ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ৩ হাজার ৩৭৫ জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন। এই হামলায় নিহত আরও চারজনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬









