ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে ৬ জনের মৃত্যু

ফরিদপুর, ০৭ জুলাই- ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা আক্রান্ত শনাক্ত হয়ে ও দুইজন উপসর্গ নিয়ে মারা যান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭৯ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৮ শতাংশ।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৩৭ জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে চার জন এবং উপসর্গ নিয়ে আরো তিন জন মারা গেছেন।
তিনি বলেন, এই হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ১৫ জন এবং সাধারণ ওয়ার্ডে আরো ২৮২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সূত্রঃ সমকাল
আর আই









