ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির রুল খারিজ, এনআইডিতে ছবি থাকতেই হবে

ঢাকা, ৯ সেপ্টেম্বর- ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে ছবি দিতে হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
রায়ের বিষয়টি নিশ্চিত করে কামাল হোসেন মিয়াজী বলেন, এ বিষয়ে রুল খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না।
ইসলামি শরিয়ত অনুযায়ী পর্দা করেন জানিয়ে রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে রিট আবেদনটি করেন। রিট আবেদনে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেওয়া হয়।
ওই বছরের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন সুমাইয়া আহমাদ মুনা। আবেদনে তিনি বলেন, তিনি প্রাপ্তবয়স্ক ও পর্দানশিন মুসলিম নারী এবং দ্বীন ইসলামের শরিয়তের হুকুম-আহকাম নিয়মিতভাবে পালন করেন। এ কারণে তিনি যেকোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন। ফলে তার কোনো পরিচয়পত্র নেই। পরিচয়পত্র না থাকায় তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন করেন তিনি। তবে ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে রিট করেন সুমাইয়া।
রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ আদালত রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। বুধবার সেই রুল খারিজ করে দেওয়া হয়েছে।
রুল জারির সময় রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, এ আবেদন সংবিধানবিরোধী। হজ করতে গেলেও ছবি তুলতে হয়। ব্যাংক অ্যাকাউন্ট করতেও ছবি প্রয়োজন। ছবি না দিলে তার টাকা অন্য কেউ নিয়ে গেলে এর দায় কী হবে—এমন প্রশ্নও তোলা হয়। রাষ্ট্রপক্ষ আরও বলেছিল, বায়োমেট্রিক করতে হলে চোখের আইরিশের প্রয়োজন হবে। সেক্ষেত্রে পর্দা তুলতে হবে।
এস এম/ ৯ সেপ্টেম্বর ২০২৬







