ঢালিউড

ডিপজলের বাহুডোরে দুই নায়িকা আঁচল এবং শিরিন

ঢাকা, ১৭ জুন – ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সমান সফল তিনি। চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় কয়েকটি সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন তিনি।

১৬ জুন থেকে ডিপজলের বাড়িতে ‘ঘর ভাঙা সংসার’ নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এই সিনেমায় তার বিপরীতে দুই নায়িকাকে দেখা যাবে। তবে এই ইঙ্গিত সিনেমার মহরতের পরে ফটোশুটেই পাওয়া গেছে। সেদিন ডিপজলের বাহুডোরে চিত্রনায়িকা আঁচল এবং শিরিন শিলাকে দেখা গেছে।

অমি বনি কথাচিত্রের পরিবেশনায় সিনেমাটি নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর। মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এতে অভিনয় করছেন আঁচল আঁখি ও শিরিন শিলা।

দাম্পত্য কলহসহ বিভিন্ন কারণে অহরহ ভাঙছে সংসার। এমন গল্প নিয়ে সিনেমার কাহিনি। সিনেমাটির গল্প প্রসঙ্গে ডিপজল বলেন, ‘মূল বক্তব্য হচ্ছে, মানুষের সংসার কেন ভাঙবে? সংসারে দুঃখ-কষ্ট থাকবেই, তার মানে এই নয় যে, সংসার ভেঙে দিতে হবে। এই মেসেজ সিনেমার গল্পে দেওয়া হয়েছে।’

ডিপজল অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ সিনেমাটি গত ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পেয়েছে। ইতোমধ্যে ডিপজলের নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে বলে জানান এই অভিনেতা।

এন এইচ, ১৭ জুন


Back to top button
🌐 Read in Your Language