ফুটবল

প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’ ক্লাবকে বড় অঙ্কের জরিমানা

বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়া ছয় ইংলিশ ক্লাবকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। প্রিমিয়ার লিগের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ২ কোটি ২০ লাখ পাউন্ড দিতে সম্মত হয়েছে তারা।

ভবিষ্যতে আবারও একই ধরনের কান্ড করলে আরও আড়াই কোটি পাউন্ড জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে প্রিমিয়ার লিগ কমিটি। এছাড়া ৩০ পয়েন্ট করে কেটেও নেওয়া হবে।

গত এপ্রিলে ইউরোপিয়ান সুপার লিগের আবির্ভাব ফুটবল বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। ১২ দলের টুর্নামেন্টে যোগ দেওয়ার ঘোষণা দেয় প্রিমিয়ার লিগের আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানসিটি, ম্যানইউ ও টটেনহ্যাম হটস্পার।

তবে শীর্ষ ফুটবল সংস্থাগুলোর হুমকি-ধামকিতে ৪৮ ঘণ্টার পর নাম প্রত্যাহার করে নেয় ছয়টি ক্লাব।

বুধবার (৯ জুন) এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ বলেছে, ‘ইউরোপিয়ান সুপার লিগের প্রস্তাবের সঙ্গে একমত হওয়া ছয়টি ক্লাব আজ আবারও স্বীকার করেছে তাদের এই পদক্ষেপ নেওয়া ভুল ছিল। তারা ভবিষ্যতে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবলের কাছে অঙ্গীকারবদ্ধ থাকতে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ফুটবলের কল্যাণে ক্লাবগুলো ২ কোটি ২০ লাখ পাউন্ড জরিমানা দিতে সম্মত হয়েছে। ভক্তদের সমর্থন, তৃণমূল ফুটবল ও কমিউনিটি কর্মসূচিতে এই অর্থ বিনিয়োগ করা হবে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ জুন

Back to top button
🌐 Read in Your Language