টলিউড

মা হওয়ার খবর প্রকাশ্যে, নতুন বার্তা দিলেন নুসরাত

কলকাতা, ০৯ জুন – জীবন থেকে কাকে বাদ দেওয়ার কথা ভাবছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নুসরাত জাহান? তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নতুন ভিডিও নেটমাধ্যমে কৌতূহল জাগিয়েছে।

মা হতে যাচ্ছেন নুসরাত, এমন খবর প্রকাশ্যে আসার পর থেকে একটিও মন্তব্য করেননি তিনি। এবারও সরাসরি কোনও বক্তব্য রাখলেন না নুসরাত। সাহায্য নিলেন একটি ভিডিও-এর।

ভিডিওটিতে এক নারী পরামর্শ দিচ্ছেন, সমস্ত বন্ধুই বিশ্বাসযোগ্য নন। দ্বিতীয়বার না ভেবে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত তাদের। কারণ তারা কারও সার্বিক উন্নতিতে কোনও কাজে আসবেন না। বরং ক্ষতি করার জন্য অপেক্ষা করে রয়েছেন। তারা আসলে বিষাক্ত, ক্ষতিকর।

ভিডিওটির শেষদিকে ওই নারীর বক্তব্য, “তোমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি, তোমার মানসিক স্বাস্থ্য। জীবনের একটা সময়ে এই সবই উপলব্ধি করবে তুমি।”

এই ভিডিওটি পোস্ট করে কী বলতে চাইলেন তিনি? কাউকে বাদ দিতে চাইছেন জীবন থেকে? ভিডিও-এর নারীর কথা মতো তিনি কি সেই সমস্ত উপলব্ধি করেছেন? তার জীবনে নতুন অতিথি আসছে বলে খবর অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের। কিন্তু একইসঙ্গে জীবন থেকে বাদ পড়তে চলেছেন তার স্বামী নিখিল জৈন। বলা যায়, স্বেচ্ছায় বাদ পড়ছেন নিখিল। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, “যে দিন জানলাম, নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরাতের মা হওয়ার পর এই সিদ্ধান্ত নিইনি আমি।”

কিন্তু তার জীবনে যশ দাশগুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন চার দিকে। নেটিজেনদের সিংহভাগের মত, অনাগত সন্তানের জনক যশই। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে কোনও দিনও খোলাসা করেননি কেউ। নেটাগরিকদের ধারণা, তাই যশ বা নুসরাত চুপ করে আছেন। তাহলে বিশেষ করে কোন বন্ধুকে তিনি তার জীবন থেকে বাদ দিতে চলেছেন?

এন এইচ, ০৯ জুন

Back to top button
🌐 Read in Your Language