সোলস-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার সুব্রত বড়ুয়া রনি আর নেই

ঢাকা, ২৬ মে – দেশে অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল সোলসের প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার সুব্রত বড়ুয়া রনি আর নেই (৬৫)। বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। রনির মৃত্যুর খবরটি জানিয়েছেন সোলস ব্যান্ডের লিড গিটার ও গায়ক পার্থ বড়ুয়া।
তিনি জানান, সংগীতাঙ্গনে সবার প্রিয় ‘রনিদা’র মরদেহ সকালে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মরদেহ নেওয়া হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। পরে রাখা হবে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে। সেখানেই ধর্মীয় রীতিতে শেষকৃত্য সম্পন্ন হবে।
জানা গেছে, গত বছর দেশে করোনা আতঙ্ক ছড়ানোর শুরুর দিকে সুব্রত বড়ুয়া রনির ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। তখন থেকে রাজধানী মিরপুরের ডেল্টা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
সুব্রত বড়ুয়া রনি পাঁচ দশক ধরে সংগীতাঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭২ সালে চট্টগ্রামের কয়েকজন তরুণ নিয়ে ‘সুরেলা’ ব্যান্ড গঠন করেন এই ড্রামার। পরের বছর সেই ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় সোলস। যাদের অন্যতম সুব্রত বড়ুয়া রনি; সঙ্গে ছিলেন নকীব খান, তপন চৌধুরীর মতো বন্ধুরা।
এন এইচ, ২৬ মে









