এশিয়া

চীনে বরফশীতল বৃষ্টিতে ২১ দৌড়বিদের মৃত্যু

বেইজিং, ২৩ মে– উত্তর-পশ্চিম চীনে একটি আল্ট্রা ম্যারাথন প্রতিযোগিতায় বিরূপ আবহাওয়ার কারণে ২১ দৌড়বিদের মৃত্যু হয়েছে। শনিবার উত্তরপশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে এই প্রতিযোগিতা চলাকালে প্রবল বাতাস ও ঠাণ্ডা বৃষ্টির কারণে তাদের মৃত্যু হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

চীনের দ্বিতীয় বৃহত্তম নদী ইয়েলোর রিভার স্টোন ফরেস্টের জিংতাই এলাকা থেকে শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়েছিল। পথটির প্রস্তরময় একটি অংশে গভীর গিরিখাতও ছিল। ১০০ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতায় ১৭২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতা শুরুর সময় থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দৌড়বিদদের অনেকেই টি-শার্ট ও শর্টস পরে এতে অংশ নিয়েছিলেন।

দৌড় শুরু হওয়ার তিন ঘন্টা পরে পাহাড়ি এলাকায় হিমশীতল বৃষ্টি, শিলা ও প্রবল বাতাসের কবলে পড়েন প্রতিযোগীরা। এ সময় তাপমাত্রা দ্রুত নেমে যায়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ১২০০ উদ্ধারকর্মীকে নিয়ে ব্যাপক উদ্ধার প্রচেষ্টা শুরু হয়। তারা থার্মাল ইমেজিং ড্রোন, রাডার ডিটেক্টর ও পাথর চূর্ণ করার যন্ত্রাংশসহ অভিযানে নামেন। সারা রাতের পর রবিবার সকালেও উদ্ধার অভিযান অব্যাহত থাকে। কর্মকর্তারা জানান, ১৫১ জন প্রতিযোগী নিরাপদ আছেন। তবে এদের মধ্যে আটজন অসুস্থ।

এম এন / ২৩ মে


Back to top button
🌐 Read in Your Language