রাজধানীতে ১৮ কেজি গাঁজাসহ ৪ মাদককারবারি গ্রেফতার

ঢাকা, ২৩ মে – রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. সুলতান, মোছা. বকুল বেগম, মো. শাহজাহান মোল্লা ও মো. ওমর সানি। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২২ মে) বিকেলে মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি এক্সটেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কায়সার রিজভী কোরায়েশী বলেন, মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে মতিঝিলে অবস্থান করছে এমন তথ্য পেয়ে ডিবির একটি টিম ফকিরাপুল ডিআইটি এক্সটেশন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরো বলেন, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে তারা ঢাকা ও আশাপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।
তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৩ মে









