ঢাকা

২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন!

ঢাকা, ১৭ মে– রাজধানীর ডেমরায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে ফারহানা ইয়াসমিন (২২) নামে এক গৃহবধূ তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ রবিবার দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত স্বামী মো. ফয়সাল খানসহ (২৭) তার শাশুড়ি, দেবর, ননাস, ননদের জামাইকে আসামি করে মামলা করেন।

বাকি আসামিরা হলেন- ডেমরার বড়ভাঙ্গা জাহের আলীর বহুতল ভবনে বসবাসরত ইয়াসমিনের দেবর সিরাজগঞ্জের বেলকুচি থানার মোকন্দগাতি গ্রামের মোকাব আলীর ছেলে অপু খাঁন (২০), শাশুড়ি গোলেনুর বেগম (৪৮), ননাস ময়না বেগম (৩০) ও ননদের জামাই কবির হোসেন (৩৫)। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

ভুক্তভোগীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ৬ মাস আগে নোটারি পাবলিকের মাধ্যমে ফয়সালের সঙ্গে বিয়ে হয় ইয়াসমিনের। পরবর্তীতে শ্বশুর বাড়ি থেকে ব্যবসার জন্য যৌতুক হিসেবে ২০ লাখ টাকার দাবিতে ইয়াসমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে ফয়সাল।

এদিকে গত ১৫ মে শনিবার দিনগত রাত ১টার দিকে একই দাবি অস্বীকার করায় উক্ত বাকি আসামিদের প্ররোচনায় ফয়সাল তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ ঘটনার খবর পেয়ে ইয়াসমিনের খালাত ভাই ও মা ঘটনাস্থলে আসলে ফয়সাল তার শাশুড়িকেও মারধর করে।

এ সময় তাদের ডাক চিৎকারে বাড়িওয়ালা জাহের আলী এসে ইয়াসমিনকে উদ্ধার করে তার খালাত ভাইয়ের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

সূত্র : কালের কণ্ঠ
এম এন / ১৭ মে


Back to top button
🌐 Read in Your Language