রাজশাহী

রাজশাহীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

রাজশাহী, ১৬ মে – শনিবার বিকেলের ঝড়-বৃষ্টির সময় রাজশাহীতে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগমারা ও বাঘার একজন করে এবং দুর্গাপুরের দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার আলীর ছেলে বাবু ইসলাম (২৩), একই গ্রামের মৃত সাইদুল চৌকিদারের ছেলে রনি ইসলাম (৩৩), বাগমারার হাজড়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৫) ও বাঘার বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম বাবু (৩২)।

বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ জানান, দুর্গাপুরের বাবু ও রনিসহ চারজন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সুলতানপুর তালতালি নদীর পাড়ের একটি আমগাছে আম পাড়ছিল। বিকেল ৪টার দিকে বজ্রপাতে চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহেরপুরের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বাবু ও রনিকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

অন্য আরেকটি ঘটনার বিবরণে ওসি মোস্তাক বলেন, উপজেলার হাজড়াপুকুর গ্রামে ঝড়-বৃষ্টির সময় মাঠ থেকে ধান আনতে যাওয়ার সময় বজ্রপাতে নিজাম উদ্দিন ও হাবিবুর নামের দুজন আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা নিজামকে মৃত ঘোষণা করে।

বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, বিকেলে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৬ মে


Back to top button
🌐 Read in Your Language