দক্ষিণ এশিয়া

কাবুলের স্কুলে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫৮

কাবুল, ০৯ মে – আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৫০ জন। যাদের মধ্যে অধিকাংশই স্কুল শিক্ষার্থী। আজ রবিবার (৯ মে) এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা।

এর আগে গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হতাহতের বেশিরভাগ স্থানীয় সৈয়দ উল শুহাদা স্কুলের শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নাজিবা আরিয়ান রয়টার্সকে জানান, স্কুলটিতে ছেলে ও মেয়ে উভয়ই পড়াশোনা করে। এখানে মোট তিনটি শিফটে ক্লাস হয়। এর মধ্যে দ্বিতীয় শিফটে ক্লাস করে মেয়েরা। আহতদের অধিকাংশই মেয়ে শিক্ষার্থী।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে সাত থেকে আটজন মেয়ে শিক্ষার্থী। তারা স্কুলে পড়াশোনা শেষে বাড়ির দিকে যাচ্ছিল।

এদিকে, শনিবার ঘটনার পরপরই এর পেছনে তালেবানকে দায়ী করে সমালোচনা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। যদিও তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বিদ্রোহী গোষ্ঠীর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ০৯ মে


Back to top button
🌐 Read in Your Language