দক্ষিণ এশিয়া

করোনা পরিস্থিতিতেও চলছে সেন্ট্রাল ভিস্তায় প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের কাজ

নয়াদিল্লী, ০৪ মে – ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে দেশটির কেন্দ্রীয় সরকার। করোনাকালেও যাতে এই কাজ না আটকায় সেজন্য সেন্ট্রাল ভিস্তা নামের এই প্রকল্পকে করা হয়েছে ‘জরুরি পরিষেবা’র আওতাভুক্ত।

যদিও করোনাকালে এসব কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে আসছে দেশটির বিরোধীদলগুলো। তবে সেসব উপক্ষা করেই এগিয়ে যেতে বদ্ধপরিকর মোদি সরকার।

সেন্ট্রাল ভিস্তা নামের এই প্রকল্পের মধ্যে ভারতের নতুন সংসদভবন এবং প্রধানমন্ত্রীর নতুন বাসভবন, স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা বিশেষ নিরাপত্তা দলের (এসপিজি) প্রধান কার্যালয় তৈরির বিষয়গুলো রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী বছর ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরির সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। অর্থাৎ এই বাসভবন থেকেই পরের লোকসভা ভোটে লড়তে চান নরেন্দ্র মোদি।

দেশটির সরকারের এই কর্মকাণ্ড নিয়ে বার বার বিরোধিতা করেছে কংগ্রেস। কয়েকদিন আগেই রাহুল গান্ধী এর বিরোধিতায় টুইট করেন। এমনকি এ প্রকল্পের বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যদিও ভারতের সর্বোচ্চ আদালত এতে স্থগিতাদেশ দেয়নি।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৪ মে


Back to top button
🌐 Read in Your Language