ওসাসুনার বিপক্ষে রিয়ালের জয়

কলকাতা, ০২ মে – শুরু থেকে একের পর এক আক্রমণ করেই যাচ্ছিলো রিয়াল মাদ্রিদ। কিন্তু গোল যেন সোনার হরিণ। কিছুতেই ওসাসুনার রক্ষণ ভাঙা সম্ভব হচ্ছিলো না। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের চার মিনিটের ‘ঝড়ে’ ম্যাচের চিত্রই পাল্টে গেলো! প্রতিরোধ ভেঙে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে ওসাসুনার বিপক্ষে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে।
আগের ম্যাচে রিয়াল বেটিসের সঙ্গে ড্র। তারওপর প্রথম পর্বে জানুয়ারিতে ওসাসুনার সঙ্গে হয়েছিল ড্র। তাই নিজেদের মাঠে লা লিগায় ফিরতি পর্বের ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদের কাছে বড় চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ ভালোভাবেই উৎরে গেছে লস ব্লাঙ্কোসরা। স্বস্তির জয় পেয়েছে।
এই জয়ে জিনেদিন জিদানের দল ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই রইলো। এর আগে আতলেতিকো মাদ্রিদ এলচেকে ১-০ গোলে হারিয়ে ৩৪ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আর ৭০ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চতুর্থ স্থানে।
এস্তাদিও আলফ্রেদো দি স্তেফানোতে শুরু থেকে রিয়াল মাদ্রিদ দাপট দেখাতে শুরু করে। বল দখল রেখে একের পর এক আক্রমণ করে ওসাসুনার ডিফেন্সকে তটস্থ রেখেছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি এই অর্ধে। কোনও সময় গোলকিপার সার্জিও হেরেরা ছিলেন ত্রাতা হিসেবে। আবার বেনজেমা-হ্যাজার্ডরা লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি।
চোট থেকে ফিরে হ্যাজার্ড শুরু থেকে খেলেছেন। তার একাদশে ফেরাতে আক্রমণের ধার বেড়েছে ঠিকই। কিন্তু ওসাসুনার রক্ষণ ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি।
শুরুর দিকে হ্যাজার্ডের নেওয়া জোরালো শট পোস্টের অনেক দূর দিয়ে যায়। এছাড়া আসেনসিও ৬ ১৬ মিনিটে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।
২৬ মিনিটে মার্সেলোর থেকে হ্যাজার্ডের শট গোলকিপারের হাত ছুঁয়ে বারের ওপর দিয়ে যায়। একটু পরই মিলিতাওর হেড গোলকিপার বাঁ হাত দিয়ে প্রতিহত করে দলকে গোল হজম করতে দেননি ।
২৯ মিনিটে আবারও মিলিতাওর হেড গোলকিপার তালুবন্দি করেন। মাঝে মধ্যে সুযোগ পেয়ে ওসাসুনা আক্রমণে উঠেছে। তবে কর্তোয়া ছিলেন সতর্ক।
৪৪ মিনিটে ওসাসুনার একটি প্রচেষ্টায় বল জাল স্পর্শ করলেও অফসাইডের কারণে গোল হয়নি। এছাড়া তাদের আরও একটি প্রচেষ্টাতেও গোল আসেনি।
বিরতির পর রিয়ালের আক্রমণে ধার কমেনি। ৫৬ মিনিটে ফ্রি-কিক থেকে মিলিতাওর ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬৮ মিনিটে বক্সের বাইর থেকে রড্রিগোর শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
৭৬ মিনিটে আসে কাঙ্ক্ষিত সাফল্য। হ্যাজার্ডের জায়গায় ইস্কো নামেন। এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের নেওয়া কর্নারে মিলিতাও হেডে লক্ষ্যভেদ করেছেন।
৮০ মিনিটে কাসেমিরো ২-০ করেন। বেনেজেমার অ্যাসিস্টে কাসেমিরো শুধু বলের গতি পরিবর্তন করে দিয়েছেন।
২-০ গোলে পিছিয়ে থেকে এই অর্ধে অবশ্য ওসাসুনা তেমন সুবিধা করতে পারেনি। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০২ মে







