ক্রিকেট

ভুয়া আইডি নিয়ে বিড়ম্বনায় কোচ সালাউদ্দিন

ঢাকা, ০১ মে – সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। এর সুবিধার সঙ্গে আছে নানা বিড়ম্বনাও। আর এই বিড়ম্বনায় ফেঁসে গেছেন বাংলাদেশের স্বনামধন্য কোচ সালাউদ্দিন। যিনি সাকিব আল হাসানের অ্যাকাডেমি ‘মাস্কো সাকিব ক্রিকেট অ্যাকাডেমি’র প্রধান কোচের দায়িত্বে আছেন।

এই কোচের নামে একটি ভুয়া আইডি খুলে সাকিবের ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে। একজন শিক্ষার্থী এই ফেক আইডির সঙ্গে কথা বলতে গিয়ে বুঝতে পেরেছেন এটি ভুয়া। এরপরেই এই শিক্ষার্থী সালাউদ্দিনকে বিষয়টি জানান। যা তিনি নিজের ব্যক্তিগত আইডি থেকেও প্রকাশ করে সতর্ক করে দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সালাউদ্দিন। মুঠোফোনে তিনি বলেন, ‘আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে আইডি খুলে; মাস্কো সাকিব ক্রিকেট অ্যাকাডেমিতে ওপেনার চাচ্ছে, টাকা নিচ্ছে।’

কীভাবে ধরে পড়েছে জানাতে গিয়ে সালাউদ্দিন বলেন, ‘ছেলেটা (শিক্ষার্থী) আবার ধরে ফেলছিলো। মানে ছেলেটা কথা বলতে বলতে বুঝে ফেলছিলো যে, আসলে ও তো ভুয়া। তখন ছেলেটা আমাকে জানায়। তারপর এই ছেলে পাঠাইছিলো স্ক্রিনশট গুলা।’

ফেসবুক এই ভুয়া আইডির ঠিকানা দিয়ে সবাইকে রিপোর্ট করার আহব্বানেই সীমাবদ্ধ থেকেছেন সালাউদ্দিন। এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেননি।

আইনি ব্যবস্থার কথা জিজ্ঞেস করলে সালাউদ্দিন বলেন, ‘অনলাইনে তো রিপোর্ট করছি। এখন ফেইসবুক থেকে আমাকে জানাইছে। আমিতো লকডাউনের মধ্যে আছি, সাইবার ক্রাইমে কেমনে যাবো।’

সালাউদ্দিন যে ভুয়া আইডির ঠিকানা দিয়ে রিপোর্ট করতে বলেছিলেন এই আইডিটি এখনো সচল আছে। তবে নাম পরিবর্তন করে ফেলে আইডির নাম রাখা হয়েছে মায়া ইসলাম।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ মে


Back to top button
🌐 Read in Your Language