সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকার জন্য মুক্তিযুদ্ধ করিনি

চট্টগ্রাম, ১৭ অক্টোবর- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, দেশের বিদ্যমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা যেমন আছে, তেমনি ধর্মতন্ত্রও আছে।
রাষ্ট্র সাংবিধানিকভাবে পাকিস্তানি আদলের মতো ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুকে রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত করার চক্রান্তগুলো করেছে।
কিন্তু সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকার জন্য আমরা কেউ মুক্তিযুদ্ধ করিনি। এ বাংলাদেশের সবার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। বাংলাদেশের প্রতি পরতে পরতে সব বাঙালির অধিকার সমান।
আরও পড়ুন: দক্ষতার অভাবে দূতাবাস অ্যাপের সেবা থেকে বঞ্চিত প্রবাসীরা: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কেবি আবদুচ সাত্তার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধকের বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, সবার সম্মিলিত রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। তখন প্রশ্ন ছিল না কে হিন্দু, কে বৌদ্ধ আর কে মুসলমান সে পরিচয় সামনে আসেনি। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে আমরা তো একথালায় বসে একসঙ্গে ভাত খেয়েছি। আমরা হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা মনে করি ধর্ম আমাদের যার যার আমাদের পবিত্র ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু আমাদের প্রথম ও প্রধান পরিচয় আমরা মানুষ।
হিন্দু সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রীতম দাশ এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে। সিরিজ বোমা হামলা, পেট্রল বোমা হামলা তাদেরই অপতৎপরতা। এখন দেশের সিরিজ ধর্ষণ-নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনার পেছনেও কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা জরুরি।
তিনি বলেন, এ দেশের সংখ্যালঘুরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। ভূমিদস্যুতার শিকার হচ্ছেন। এসব ধর্ষণ-নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতনকারীরা যদি সরকার দলীয় কোনো নেতাকর্মীও হয়, তাদের যথাযথ শাস্তি দিতে হবে।
বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, পরিষদের হাটহাজারীর সাধারণ সম্পাদক ডা. অশোক দেব, সাংবাদিক রূমন ভট্টাচার্য, নারীনেত্রী রুমকি সেনগুপ্ত, উজ্জ্বল চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে।
সূত্র: বাংলানিউজ
আর/০৮:১৪/১৭ অক্টোবর









