জাতীয়

হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীন গ্রেপ্তার

ঢাকা, ১৭ এপ্রিল – হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ বছর আগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২০১৩ সালের মামলায় আজ মোহাম্মদপুর থেকে জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।’

আরও পড়ুন : ফ্ল্যাটের দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘মামলা আছে কিনা যাচাই করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।’

এর আগে হেফাজতের ঢাকা মহানগর শাখার প্রচার সম্পাদক মুফতি আব্দুল মোমিন জানান, শনিবার দুপুরে মাওলানা জালালুদ্দীন আহমাদকে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মাওলানা জালালুদ্দীন আহমাদ হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব।

এর আগে, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগের টিম। পরে আজ শনিবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, মাওলানা জালালুদ্দীন আহমাদসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় ৮ জন নেতাকে গ্রেপ্তার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৭ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language