আইন-আদালত

দক্ষিণখানে ব্যবসায়ী হত্যা: ‘জাপানি হান্নান’ রিমান্ডে

ঢাকা, ২৫ মার্চ – আবদুল হান্নান ওরফে জাপানি হান্নানকে চার দিন ও অস্ত্র মামলায় একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এ ছাড়া তার সাত সহযোগীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী আবদুর রশিদ (৩৫) হত্যা মামলায় বৃহস্পতিবার পুলিশের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রিমান্ডে নেয়া আসামিরা হচ্ছেন-আবদুল হান্নান ওরফে জাপানি হান্নান, আমিনুল ইসলাম হান্নান, মো. একরামুল ইসলাম, শফিকুল ইসলাম, আল-আমিন প্রধান, জহুরুল ইসলাম, খোরশেদ আলম, মো. মোশাররফ হোসেন ও মো. নুরুন নবী।

আরও পড়ুন : ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে ১৪ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ

ব্যবসায়ী আবদুর রশিদ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি হান্নানসহ আটজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জাপানি হান্নানকে চার দিন ও অপর সাতজনকে দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। এ ছাড়া অস্ত্র মামলায় জাপানি হান্নানকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত তাকে এ মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার রাজধানীর দক্ষিণখানের আইনুসবাগে শটগানের গুলিতে ব্যবসায়ী আবদুর রশিদের মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার ১৩ জনকে আসামি করে মামলা করে। এ ছাড়া অস্ত্র নিয়ন্ত্রণ আইনে জাপানি হান্নানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আবদুর রশিদ ওই এলাকার আবদুল মালেকের ছেলে। তিনি রড-সিমেন্টের ব্যবসা করতেন। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আবদুল হান্নানের সঙ্গে আবদুর রশিদের বিরোধ চলছিল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ মার্চ

Back to top button
🌐 Read in Your Language