বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টিতে বাস-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নবজাতক নিহত

বরিশাল, ২১ মার্চ – বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পূর্ব প্রান্তের ঢালে এ্যাম্বুলেন্সের সাথে চরমোনাই মাহফিলগামী বাসের মুখোমুখি সংঘর্ষে নবজাতক নিহত এবং ৮ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার বিকেলে দুর্ঘটনায় আহতদের মধ্যে বাস ও এ্যাম্বুলেন্স চালক এবং নিহত নবজাতকের মায়ের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে করে ২ দিনের নবজাতক নিয়ে তার স্বজনরা গৌরনদী উপজেলার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মাহফিলগামী ৫০ যাত্রী নিয়ে অনিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : পিরোজপুর পৌর মেয়রসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সংঘর্ষে এ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেলে নবজাতক ঘটনাস্থলে মারা যায়। এ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের মা-সহ আরো ৪ জন, বাসের চালকসহ আরো ২ যাত্রী আহত হয়। এ সময় মহাসড়কের দুই দিকে শতাধিক যানবাহন আটকে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের পড়েন যাত্রীরা।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার আধা ঘণ্টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ওসি নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language