পিরোজপুর পৌর মেয়রসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বরিশাল, ১৯ মার্চ – ৩৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর পৌরসভার মেয়র ও তার সহধর্মীনিসহ ২৯ জনের বিরুদ্ধে দুর্নীতির পৃথক দুটি মামলা দায়ের করেছে বরিশাল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একটি মামলায় পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানকে এবং অপর মামলায় মেয়র ও পৌরসভার ২৭ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়।
বৃহস্পতিবার বরিশাল দুর্নীতি দমন কমিশনে এই দুটি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক আলী আকবর।
পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার ভাই সাবেক এমপি একেএম আউয়াল পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।
আরও পড়ুন : ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া অবৈধভাবে ২২ জনকে পৌরসভায় নিয়োগ দিয়ে অবৈধ অর্থ অর্জনের অভিযোগে মেয়র ও পৌরসভার ২৭ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
দুদকের উপ-পরিচালক আলী আকবর জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদকের নির্দেশনা অনুযায়ী এই দুই মামলার আগে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়।
এছাড়া আউয়াল এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সরকারি জমি দখলের অভিযোগে আরও পৃথক মামলা রয়েছে দুদকের।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ মার্চ









