দক্ষিণ এশিয়া

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, জরুরি বৈঠক ডাকলেন মোদি

নয়াদিল্লী, ১৬ মার্চ – ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। আর এ পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুরের দিকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই বৈঠক হবে। সোমবার (১৫ মার্চ) গত ৮৫ দিনের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় করোনা রোগী শনাক্ত করা হয়। একদিনে প্রায় ১০ হাজার থেকে এক লাফে ২৬ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে।

আরও পড়ুন : চলতি বছর সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভারতে

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছিলেন, দেশে এখন কোভিড মহামারি যুদ্ধের শেষ পর্যায়ে। তবে ভারতীয় চিকিৎসা সংগঠন আইএমএ মন্ত্রীর সেই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিল। তারা বলেছিল, মানুষের মনে মিথ্যা আশার বীজ না বোনাই ভালো। এ ব্যাপারে সরকার এবং মন্ত্রীদের সতর্ক থাকতেও পরামর্শ দেয় তারা। সেই বার্তার কিছুদিনের মধ্যেই করোনার সংক্রমণ বাড়তে থাকা নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মোদি।

গত কয়েক দিনের দৈনিক করোনা সংক্রমণের পরিসংখ্যানের কারণেই দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই জরুরি বৈঠক। বছরের শুরুর দিকে যেখানে প্রতিদিন গড়ে ১০ হাজার করে সংক্রমণ হচ্ছিল, সেখানে কয়েক দিন ধরে হঠাই তা দ্বিগুণ হয়ে ৩ গুণের দিকে এগোতে শুরু করেছে। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের শনাক্ত সংখ্যা এক কোটি ১৩ লাখ ছাড়িয়ে গেছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৮ জন।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language