জাতীয়

ঢাকা-বরিশাল-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালু ২৬ মার্চ

ঢাকা, ১৬ মার্চ – বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে দীর্ঘ এক বছর পর ২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সপ্তাহের প্রতিদিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে।

আরও পড়ুন : মোদির সফর নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব

গত বছরের মার্চে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে অধিকাংশ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ মার্চ থেকে বরিশাল রুটেও ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহার ও জীবন যাত্রা স্বাভাবিক হতে শুরু করায় গেল বছরের পহেলা জুন সীমিত পরিসরে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরে বিভিন্ন রুটে ফ্লাইট চালু করলেও বরিশালে ফ্লাইট বন্ধ রাখে বিমান।

অবশেষে দীর্ঘ একবছর পর বরিশাল রুটে ২৬ মার্চ থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিল রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থা।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language