কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস, ভোট ১০ জানুয়ারি

ঢাকা,২৯ নভেম্বর-কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ কাজের দিনগুলোতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সংশ্লিষ্ট নির্বাচন অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন সামনে রেখে ইসির জারি করা একটি পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি এবং প্রতীক বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের দিন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিস খোলা রাখতে হবে। এসব কার্যালয় সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনে অফিস সময়ের পরও এসব কার্যালয় খোলা রাখতে হবে। তবে মনোনয়নপত্র জমা দেওয়া এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টার পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা যাবে না। একইভাবে কোনো প্রার্থীও ওই সময়ের পর প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনি ব্যয়ের জন্য প্রার্থীকে খুলতে হবে পৃথক ব্যাংক হিসাব
পরিপত্রে আরও বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪খখ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনি ব্যয় পরিচালনার জন্য প্রত্যেক প্রার্থীকে তার নির্বাচনি এজেন্টের মাধ্যমে অথবা এজেন্ট নিয়োগ না করলে নিজেকেই তফসিলি ব্যাংকে একটি পৃথক ব্যাংক হিসাব খুলতে হবে। ব্যক্তিগত খরচ ছাড়া নির্বাচনের সব ধরনের ব্যয় এই ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট নেওয়া হবে।
গত ২৫ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
ইসি সচিব জানান, এই উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পোস্টাল ভোটের ব্যবস্থা থাকবে।
পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছ থেকে ভোটদানের সম্মতি নেওয়া এবং নতুন ভোটারদের নিবন্ধনের জন্য ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। এ ছাড়া এই আসনের দুই উপজেলার নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







