শাহজাদপুরে সাবেক মেয়র হালিমুল হক মিরুকে ধরতে গিয়ে বাধার মুখে পুলিশ, আটক ৪

সিরাজগঞ্জ,২৮ নভেম্বর-সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে ফিরে গেছে পুলিশ। এ ঘটনায় ভিডিও দেখে চারজনকে আটক করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গতকাল শুক্রবার দুপুরে পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল পৌর এলাকার নলুয়ায় হালিমুল হক মিরুর বাসভবনে অভিযান চালায়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে পুলিশের একটি দল তাঁর বাড়িতে পাঠানো হয়েছিল। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযানের সময় এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
তিনি আরও জানান, ভিডিও দেখে ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে পৌর মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। পরে আওয়ামী লীগ তাঁকে দল থেকেও বহিষ্কার করে। ওই মামলা এখনো বিচারাধীন।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬







