শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা তৈরির নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

ঢাকা,২৮ নভেম্বর-‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ নভেম্বরের একটি স্মারকের উল্লেখ করে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন শাখার গত ২৩ নভেম্বরের এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিসভার বৈঠকে নেওয়া যেসব সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হয়নি, সেগুলোর অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ২৯ নভেম্বর দুপুর আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
ওই চিঠির সংযুক্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে দুটি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
দ্বিতীয় সিদ্ধান্তটি গত ৩ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়ানো। এ সিদ্ধান্তের আওতায় পর্যায়ক্রমে সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬







