নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

নাটোর,২৮ নভেম্বর-নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এরই মধ্যে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢালছে। এরপর আরেক যুবক গ্যাস লাইট দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, দুই যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬







