ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তি দেবে সরকার, সুবিধা পাবে প্রায় এক কোটি শিক্ষার্থী

ঢাকা,২৮ নভেম্বর-দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে এসব শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। এ ছাড়া দেশের অনগ্রসর আরও ১২টি নতুন উপজেলাকে শতভাগ উপবৃত্তি কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এ সুবিধা পাবে। অর্থাৎ দেশের শতভাগ ছাত্রীকে এ কর্মসূচির আওতায় আনা হবে। এর ফলে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীর মোট সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে, যা প্রায় এক কোটি। পাশাপাশি প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে। এ কর্মসূচিতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার অনুযায়ী, ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এ কর্মসূচির প্রধান লক্ষ্য হলো দেশে নারী শিক্ষার প্রসার ঘটানো, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ করা এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়ানো। পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘দেশের আর্থ-সামাজিক পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার প্রসারের ইতিহাসে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চালু করা উপবৃত্তি কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই ঐতিহাসিক কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় ছাত্রীদের যে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো, তার ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছিল। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের যে ধারাবাহিক অগ্রগতি শুরু হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। এ কারণে নারী শিক্ষার প্রসারে তাঁর এই দূরদর্শী অবদান ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগের সেই সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।
শিক্ষা খাতের আধুনিকায়নে প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু দূরদর্শী ও সফল উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কর্মমুখী করে গড়ে তোলার উদ্যোগগুলো নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ব্যয় বাড়ানোর পাশাপাশি কর্মসূচির পরিধিও বাড়ানো হয়েছে।
গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টটির অনুমোদন দেয় অর্থ বিভাগ। এরপর ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন জারি করে। এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
ব্যয় হবে সাড়ে ৪ হাজার কোটি টাকা:
সংশোধিত ডকুমেন্ট অনুযায়ী, স্কিমের মূল মেয়াদ ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। তৃতীয় সংশোধনীতে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা। আর্থিক অগ্রগতির হিসাবে এ ব্যয়ের পরিমাণ ৭৪ শতাংশ।
২০২৬-২৭ অর্থবছরে এ স্কিমের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে শুধু উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় উপকারভোগী ছিলেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্রী ছিলেন ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ছিলেন ২৬ লাখ ৯ হাজার।
চতুর্থ সংশোধনী অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে।
এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর সাদেক আহমেদ খান বলেন, ‘প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।’
উপবৃত্তি কর্মসূচির কাঠামোর তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’সহ চারটি আলাদা প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়া শুরু হয়।
পরবর্তী সময়ে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি চালু হয়। এরপর সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি একীভূত হয়ে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে ওঠে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শতভাগ উপবৃত্তি চালুর এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর মেয়েদের পড়াশোনার খরচ নিয়ে আর্থিক চাপ কমবে। পাশাপাশি সমাজে বাল্যবিবাহ রোধ, নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং এসডিজি-৪ অর্জনের কার্যক্রম আরও জোরদার ও দ্রুত হবে।’
অগ্রাধিকার পাবে যারা:
নতুন কাঠামো অনুযায়ী, সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি সুবিধার আওতায় এলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ের কারণে কোনো ছাত্রীকে বাদ দেওয়া হবে না। তথ্যভান্ডার তৈরি এবং গবেষণার প্রয়োজনে শুধু এ তথ্য সংগ্রহ করা হবে।
অসচ্ছল পরিবারের ছেলেদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কসের মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের নিয়ম বহাল থাকবে।
এ ছাড়া প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন এবং শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন।
শতভাগ উপবৃত্তি পাবে ২২ উপজেলায়:
তথ্য অনুযায়ী, দেশের অনগ্রসর ১০টি উপজেলার পাশাপাশি নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত করা হচ্ছে। ফলে মোট ২২টি উপজেলার আবেদন করার যোগ্য সব ছাত্র-ছাত্রী শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন।
উপজেলাগুলো হলো— নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।
স্কিম অনুযায়ী, উপবৃত্তির সুবিধা চালু রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় অন্তত ৪৫ শতাংশ নম্বর পেতে হবে, শিক্ষা বোর্ডের নিবন্ধন থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
জিটুপি পদ্ধতিতে যাবে অর্থ:
স্কিমের তথ্য অনুযায়ী, জন্মনিবন্ধন, এনআইডি এবং বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাই করার পর আইবাস++-এর মাধ্যমে জিটুপি (সরকার টু ব্যক্তি) পদ্ধতিতে সরাসরি উপকারভোগী অথবা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা পাঠানো হবে।
আগে থেকেই উপবৃত্তি পাওয়া ছাত্রীদের নতুন করে হিসাব খুলতে হবে না। নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের এনআইডি এবং নিবন্ধিত সিম ব্যবহার করে কেওয়াইসি সম্পন্ন করতে হবে অথবা যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর হলে হিসাবের তথ্য হালনাগাদ করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, ‘জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের হিসাবে উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি এবং বই কেনার টাকা পাঠানো হবে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।’
তিনি জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্যসংক্রান্ত জটিলতার কারণে উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
আছে বেশ কিছু চ্যালেঞ্জ:
স্কিমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শতভাগ ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার পাশাপাশি বিনা বেতনে পড়াশোনার সুযোগ দিতে টিউশন ফি সুবিধাও চালু করছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি, টিউশন ফি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই কেনার টাকা দেওয়ার জন্য ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।
রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও মফস্বল এলাকার শতভাগ ছাত্রী এবং দারিদ্র্য ও মেধার ভিত্তিতে বাছাই করা ছাত্ররা এসব সুবিধা পাবে।
তবে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরের নামী বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত হারের চেয়ে বেশি টিউশন ফি নেওয়ার প্রবণতা রয়েছে। এ কারণে এসব প্রতিষ্ঠানের তালিকাভুক্তি এবং তথ্য এন্ট্রিতে অনীহা দেখা যাচ্ছে। এর ফলে এসব প্রতিষ্ঠানে পড়ুয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক প্রফেসর সাইফুল আলম বলেন, ‘ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়ার কর্মসূচি বাস্তবায়নে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে দ্রুতগতিতে তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো— যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বেশি বেতন নেয়, তারা অনেক সময় উপবৃত্তির আওতায় আসতে চায় না। এতে ওইসব প্রতিষ্ঠানে পড়াশোনা করা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।’
বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়ন করতে একটি বাধ্যতামূলক নির্দেশনা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
অর্থ বিভাগ নির্ধারিত হার অনুযায়ী, এ কর্মসূচিতে শ্রেণিভেদে মাসিক উপবৃত্তির পরিমাণ ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও বই কেনার জন্য ১ হাজার থেকে দেড় হাজার টাকা দেওয়া হবে। শিক্ষার্থীপ্রতি বছরে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬







