কক্সবাজার

এক মাস পর উখিয়ার ইনানীতে গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনল বাপেক্স

ইনানীতে গ্যাসকূপের আগুন

কক্সবাজার,২৭ নভেম্বর-কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং বিশেষ ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস বের হওয়ার পথ পরিবর্তন করে আগুন বন্ধ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বিশেষজ্ঞরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান।

বাপেক্স জানায়, কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন বন্ধ করা সম্ভব হলেও কাজ এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে কূপটি আরও এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। এ সময় ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কাদামিশ্রণ বা মাড ব্যবহার করা হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, খননকাজ শেষ হলে ভূগর্ভস্থ গ্যাসের চাপ ও পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিয়ে ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপ চালানো হবে। এসব পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে কূপটিতে গ্যাসের সম্ভাবনা এবং পরবর্তী অনুসন্ধান কার্যক্রম নির্ধারণ করা হবে।

এর আগে গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। পরে কূপের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হওয়ার পাশাপাশি আগুনও ছড়িয়ে পড়ে। এরপর থেকে সেখানে টানা এক মাস আগুন জ্বলছিল।

আগুন নিয়ন্ত্রণে আনতে বাপেক্সের বিশেষজ্ঞরা কয়েক দফায় কারিগরি পদক্ষেপ নেন। সর্বশেষ ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে এর সঙ্গে বিশেষ ডাইভার্ট লাইন যুক্ত করা হয়। এর মাধ্যমে গ্যাস বের হওয়ার পথ পরিবর্তন করায় কূপের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন বন্ধ করা সম্ভব হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার অর্থ এই নয় যে, কূপটিতে গ্যাসের মজুত বা বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হয়েছে। খননকাজ এবং ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপের ফলাফল বিশ্লেষণের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এস এম/ ২৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language