লক্ষীপুর

লক্ষ্মীপুরের সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লবের নামে ছড়াল বিএনপি-জামায়াত নেতাদের হত্যার পরিকল্পনার কথোপকথন

লক্ষ্মীপুরের সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব

লক্ষ্মীপুর,২৭ নভেম্বর-লক্ষ্মীপুরের সাবেক মেয়র এম এ তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি ফোনালাপের রেকর্ডিং ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো।’

শুক্রবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি বিপ্লবের প্রায় ৩ মিনিটের এই ফোনালাপের রেকর্ডিং প্রতিবেদকের হাতে এসেছে। রেকর্ডিংয়ে থাকা কণ্ঠস্বর বিপ্লবের বলে নিশ্চিত হওয়া গেলেও এটি তাঁর নিজের কথোপকথন, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।

রেকর্ডিংয়ে মামুন নামে একজনের সঙ্গে বিপ্লবকে বলতে শোনা যায়, আর সুন্দর কথা বলার দরকার নেই। দিনে সুন্দর কথা বলেছি, সুন্দর পাঞ্জাবি পরে হেঁটেছি। কিন্তু যখন দেখেছি ক্ষমতা আসছে, দলের লোকজনের লাইন হচ্ছে, তখন এদের আর খুঁজে পাওয়া যায় না। ক্ষমতায় আসার পরিস্থিতি দেখলে ৫-৬ জন বিশ্বস্ত গেরিলা রাখতে হবে। তাদের এলাকায় প্রতিষ্ঠিত করে দিতে হবে। তাদের কাজ হবে শুধু বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ ৮-১০ জনকে মেরে ফেলা।

এরপর তাকে আরও বলতে শোনা যায়, বাড়িঘরে হামলা করে আগুন দেওয়া হবে, তবে কোনো ঘরে কোরআন শরিফ, জায়নামাজ বা টুপি থাকলে সেগুলো আগে বাইরে বের করতে হবে। কোনো নারী, শিশু, বয়স্ক বা বৃদ্ধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। ক্যাডারদের বের করে এনে ১০ জনের মতো লোক ধরে মারতে হবে। যাদের নাম বলা হয়েছে, তাদের মধ্যে দুই-চারজনকে মেরে ফেলতে হবে। বিএনপি মারলে, কাঁদবে; এরপর লাশ ধরে কাঁদবে। তার ভাষায়, খারাপ লোকদের সমতুল্য এসব লোককে বাঁচিয়ে রাখা হয়েছে তাদের মতো ভালো মানুষদের বিরক্ত করতে, যাতে তারা রাজনীতি করতে না পারেন। ভাইয়ের জন্য এ কাজ ঠান্ডা মাথায় করতে হবে।

তাকে আরও বলতে শোনা যায়, ভাইয়ের জন্য মিছিল করা যাবে কি না। তবে ভাইয়ের পক্ষে সরাসরি প্রচার নয়, মিছিলে শুধু তাঁর নিজের ব্যানার থাকবে। ব্যানারে শেখ হাসিনার ছবি ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ শিরোনাম থাকবে। এক পাশে বঙ্গবন্ধুর ছবি এবং অন্য পাশে তাঁর বাবার ছবি থাকবে। এভাবে ব্যানার তৈরি করা ঠিক হবে কি না, তা নিয়েও তিনি কথা বলেন।

ফোনালাপের শেষ দিকে বিপ্লবকে বলতে শোনা যায়, দ্বিতীয় এবং স্থায়ী কাজ হিসেবে পাঁচ-ছয়জন গেরিলা তৈরি করতে হবে। তাদের এলাকায় প্রতিষ্ঠিত করা হবে এবং তারা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ রাখবে। তারা লক্ষ্মীপুরে তাঁর সঙ্গে থাকবে। তাদের শুধু রক্তপিপাসু হলেই চলবে না, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং দলের শৃঙ্খলা মানতে হবে। চার-পাঁচজন সাহসী গেরিলা প্রস্তুত রাখতে হবে। পরিস্থিতি ভালো হলে তিনি সংকেত দেবেন। তখন ১০ জনের মতো মানুষকে মেরে ফেলতে হবে। এর মধ্যে দু-একজনকে মেরে ফেলতে হবে। শেষে তিনি বলেন, বিষয়টি যেন সবাই জানতে না পারে।

রেকর্ডিংয়ের শুরুতে বিপ্লবকে মামুনের সঙ্গে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, তারা সবাই ভালো আছেন এবং দোয়া করতে বলেন। তিনি জানান, জেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। টিপুকে অব্যাহতি দেওয়ার পর গত ৭-৮ বছর ধরে সংগঠন এলোমেলো অবস্থায় চলছে। তিনি ভেবেছিলেন রাজনীতি করবেন না, সামাজিক কাজে যুক্ত থাকবেন এবং পৌরসভাকে গড়ে তুলবেন। টিপু রাজনীতি করবেন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে টিপু একা সবকিছু সামলাতে পারবেন না। সামনে গেরিলা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে হচ্ছে। টিপুকে সহায়তা করলে তাঁর নিজেরও সুবিধা হবে। এভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে চান এবং কিছুটা সক্রিয় হচ্ছেন।

কথোপকথনের একপর্যায়ে বিপ্লব বলেন, তাঁদের দুই-তিনটি ইউনিয়ন মিলিয়ে দেড়শর মতো লোক জড়ো করা সম্ভব কি না। তারা যেকোনো একটি জায়গায় তাঁর ব্যানার নিয়ে দাঁড়িয়ে স্লোগান দেবে। ব্যানার কেমন হবে, তা তিনি দেখিয়ে দেবেন অথবা কার সঙ্গে কথা বলতে হবে, তা জানাবেন। মুখ বেঁধে গেরিলাদের মতো একটি জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ স্লোগান দিতে হবে, যাতে মনে হয় রাস্তায় মিছিল হচ্ছে। এ জন্য বড় মিছিলের প্রয়োজন নেই। শুধু এক-দুই মিনিটের একটি ভিডিও করে ফেসবুকে প্রকাশ করতে হবে এবং ভিডিওটি তাঁকে পাঠাতে হবে। এ বিষয়ে যোগাযোগ করে দেখতে বলেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও আফতাব উদ্দিন বিপ্লবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের মোবাইল ফোনে কল করেও তাঁকে পাওয়া যায়নি।

এস এম/ ২৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language