উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা বাড়ায় পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, ১১ মাস ধরে বন্ধ আমদানি

ঢাকা,২২ নভেম্বর-উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর ফলে বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। এতে আমদানির ওপর নির্ভরতা ছাড়াই মৌসুমের বাইরেও স্থানীয় বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানায়, দেশে বছরে ৩৬ লাখ টন পেঁয়াজের চাহিদার বিপরীতে ৫০ লাখ ৯০ হাজার টনেরও বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি।
একই সময়ে সরকারের উদ্যোগে আধুনিক সংরক্ষণাগার স্থাপনের ফলে স্থানীয় বাজারে তুলনামূলক কম দামে রান্নার অন্যতম প্রধান এই উপাদানটির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মৌসুমের বাইরে ফসল সংগ্রহের পর অপচয় ১০ শতাংশ কমিয়ে আনার মাধ্যমে সারা বছরের সংকট মোকাবিলার পথ তৈরি হয়েছে।
সাধারণত দেশে ফসল সংগ্রহের পর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ থাকে। তীব্র পচন বা বৈরী আবহাওয়ার সময় এ হার ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে। তবে আধুনিক সংরক্ষণব্যবস্থার কারণে মৌসুমের বাইরেও বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।
দেখা গেছে, ফসল সংগ্রহের পর অপচয়ের কারণে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মৌসুমি সরবরাহ সংকট তৈরি হয়। এতে দাম বেড়ে যাওয়ায় আমদানির ওপর নির্ভরতা বাড়ে। তবে ব্যাপক উৎপাদন এবং তৃণমূল পর্যায়ে ‘এয়ার-ফ্লো’ মেশিন বিতরণের মাধ্যমে কৃষকদের আধুনিক সংরক্ষণ সুবিধা দেওয়ায় গত ১১ মাস ধরে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে।
এমনকি আমদানি বন্ধ থাকায় এ সময়ে দেশে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৪ হাজার ৭৬৪ কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে। মূলত সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দেশীয় পেঁয়াজের মজুত শেষ হয়ে গেলে আমদানির প্রয়োজন হতো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদনের বিপরীতে ৪ লাখ ৭৩ হাজার টন আমদানি করা হয়েছিল। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৩৯ লাখ টন পেঁয়াজ উৎপাদনের বিপরীতে আমদানির পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ টনে দাঁড়িয়েছিল।
ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, ‘আমাদের এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলেছি। অফ-সিজনে বার্ষিক সরবরাহ সংকট মোকাবিলার জন্য এটি যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।’
তিনি জানান, এ পর্যন্ত কৃষক পর্যায়ে মোট ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।
এই ব্যবস্থায় কৃষকদের মুনাফার বিষয়ে ডিএইর এ কর্মকর্তা বলেন, পেঁয়াজ একটি লাভজনক ফসল। বর্তমানে কৃষকরা প্রতি বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পেঁয়াজ উৎপাদন করছেন এবং তা ১ লাখ টাকায় বিক্রি করছেন। তাই নিজেদের লাভের কথা বিবেচনা করেই কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে পেঁয়াজ চাষ করছেন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া বলেন, তিনি গত ছয় মাস ধরে এয়ার-ফ্লো মেশিনের সাহায্যে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন। কারণ, এই প্রযুক্তি পেঁয়াজের সামগ্রিক ঘাটতি কমিয়ে এনেছে।
তিনি বলেন, প্রচলিত সংরক্ষণ পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে যেত। কিন্তু নতুন সংরক্ষণ পদ্ধতিতে তা কমে মাত্র ২ থেকে ২ দশমিক ৫ কেজিতে নেমে এসেছে।
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিন বলেন, আধুনিক সংরক্ষণ সুবিধা কৃষকদের লাভবান করেছে। কারণ, এপ্রিল মাসে ফসল তোলার পরপরই প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এর দাম বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় পৌঁছায়।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া বলেন, কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে সরকারের এখন পেঁয়াজ রপ্তানির দিকে মনোযোগ দেওয়া উচিত। তা না হলে কৃষকরা লাভবান হবেন না। কারণ, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে ৪০ টাকা খরচ হচ্ছে।
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে চলতি বছর দেশে আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে মাত্র ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানি করা হয়।
এমনকি চলতি বছর দেশে ৩ লাখ হেক্টরের বেশি জমিতে ৫০ লাখ ৯০ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা গত বছরের উৎপাদনের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি।
ফসল তোলার দুই সপ্তাহ আগে মার্চের শেষ দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর প্রতি বিঘা জমিতে পেঁয়াজের উৎপাদন ৭০ মণের পরিবর্তে বেড়ে ১০০ মণ পর্যন্ত হয়েছে।
একই সময়ে সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সরকার কৃষকদের মধ্যে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করেছে। এই প্রযুক্তি বা যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচল নিশ্চিত করে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণ করা যায়। ফলে সারা বছর বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব হচ্ছে।
বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অংশীদারত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ অভিযোজন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান বলেন, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের মধ্যে সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানো আমদানি বন্ধ রাখতে ভূমিকা রেখেছে।
আধুনিক এই সংরক্ষণ প্রযুক্তি স্থাপনের জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার টাকা, মাচা বা প্ল্যাটফর্ম তৈরির জন্য ৭ হাজার টাকা এবং কৃষকের বাড়িতে একটি সাইনবোর্ড স্থাপনের জন্য ১ হাজার টাকা বরাদ্দ ছিল।
এই প্রযুক্তি বিতরণের ফলে কৃষকরা ইতোমধ্যে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করেছেন। প্রতিটি মেশিনে প্রায় ১০ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে।
পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬টি জেলার ১০৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়া প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ জন কৃষককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ড. মাহফুজ জানান, দেশের ১৭টি পেঁয়াজ উৎপাদনকারী জেলায় মোট ২ লাখ পেঁয়াজ চাষি রয়েছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে ৫০ হাজার কৃষকের মধ্যে এই প্রযুক্তি বিতরণ করা হয়েছে।
গ্রীষ্মকালীন বা মুড়িকাটা জাতের পেঁয়াজের উৎপাদন বাড়াতে সরকার ৪০টি জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ (ইআইভিটিএসপি)-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়িয়েছে।
এর আগে ১৩৭ দশমিক ৪২ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়েছিল, যা ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান রয়েছে।
প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী প্লট (পলিশেড) এবং দেশের ২৫টি হর্টিকালচার সেন্টারের সাহায্যে কৃষক পর্যায়ে মানসম্মত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হবে। খরিপ মৌসুমে চাষের উপযোগী স্বল্পমেয়াদি গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত, যেমন বারি-৫ পেঁয়াজ, এই প্রকল্পের মাধ্যমে সম্প্রসারণ করা হবে। প্রকল্প চলাকালে মোট ৩ হাজার ৩৭৫টি গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রদর্শনী…
এস এম/ ২২ নভেম্বর ২০২৬







