দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখতে গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ নভেম্বর – দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এই আহ্বান জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পোশাক খাতের অস্থিরতা, সুষম উন্নয়ন এবং পলাতক অপশক্তির কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পে সৃষ্ট অস্থিরতাকে পরাজিত ও পলাতক অপশক্তির ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলের নেতার বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশে মানুষকে চিকিৎসা নিতে বাধ্য করেছিল, ঠিক একইভাবে গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের তিলে তিলে গড়ে তোলা সমৃদ্ধ গার্মেন্টস শিল্পকেও ধ্বংস করে অন্য কোনো বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে কি না, তা আজ ভাবার সময় এসেছে।
পোশাক শ্রমিকদের উদ্দেশে সংসদ নেতা বলেন, সরকার শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন। কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন:
- সরকার ও মালিকপক্ষ যখন বেতন প্রদানে আন্তরিক, তখন বিদেশে পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে কারখানা নষ্ট করলে বেতন আসবে কোত্থেকে?
- পলাতক চক্র দেশের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে দিন কাটাচ্ছে—তাই তাদের উসকানিতে পা না দিয়ে শ্রমিকদের নিজেদের জীবন ও জীবিকার উৎস কর্মস্থলকে হেফাজত করতে হবে।
পতিত ফ্যাসিস্ট দলের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’—সুযোগ পেলেও এই দলটির চরিত্র কখনো পরিবর্তন হবে না। দেশে-বিদেশে তারা পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে উল্লেখ করে তিনি সাম্প্রতিক কিছু ঘটনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনা। প্রধানমন্ত্রীর মতে, এসব ঘটনার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী।
তিনি আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ এই দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। যারা এসব সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে মন্তব্য করেন তিনি।
মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি। তাই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’। সুষম উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি জানান, সরকার কোনো নির্দিষ্ট অঞ্চল নয় বরং অবহেলিত রংপুরসহ সমগ্র বাংলাদেশের উন্নয়নে কাজ করছে, যার স্বীকৃতি বিরোধী দলীয় সদস্যের বক্তব্যেও উঠে এসেছে।
অধিবেশনের শেষ শপথ হিসেবে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এনএন/ ১৮ নভেম্বর ২০২৬







