শিক্ষা

স্কুলে ভর্তির বড় পরিবর্তন: ২য় থেকে ৯ম শ্রেণিতে ফিরছে লিখিত পরীক্ষা! আবেদন ১ ডিসেম্বর থেকে

ঢাকা, ১৮ নভেম্বর – দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়মে বড় পরিবর্তন আসছে। এবার কেবল প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি হলেও সরকারি স্কুলগুলোতে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তৈরি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত একটি খসড়া বিজ্ঞপ্তি থেকে এসব গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। শিগগিরই মাউশির ওয়েবসাইটে চূড়ান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে।

একনজরে ভর্তির সম্ভাব্য সময়সূচি

মাউশির খসড়া নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রমের মূল তারিখগুলো হলো:

  • প্রতিষ্ঠানের তথ্য আপলোড: ২০ থেকে ২৫ নভেম্বর (সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য)
  • অনলাইন আবেদন শুরু: ১ ডিসেম্বর
  • আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর
  • প্রথম শ্রেণির ডিজিটাল লটারি: ১৫ ডিসেম্বর, বেলা ১১টায়

ভর্তি প্রক্রিয়ায় যেসব নিয়ম থাকছে

খসড়া বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনের জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। অন্যদিকে, দীর্ঘদিনের লটারি প্রথার পরিবর্তে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য সরাসরি লিখিত পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক (পুলিশ) থানাকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য করা হবে।

তবে মাউশি জানিয়েছে, ভর্তির এই তারিখ ও নিয়মাবলি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন ফি, লিখিত পরীক্ষার তারিখ এবং বিস্তারিত নির্দেশনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়মিত মাউশির অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language